লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে মীরগঞ্জ-মণ্ডলতলী সড়কের পাশে মণ্ডলতলী বাজারসংলগ্ন ওই শাখার সামনে ঘটনাটি ঘটে। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া করে ইমন হোসেন নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় সূত্র জানায়, আটক ইমন হোসেন কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেরোয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বলে জানা গেছে। ঘটনার সময় তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন; তাঁরা পালিয়ে যান। আটক ব্যক্তি বা তাঁর পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক এসে ব্যাংকের মূল ফটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন এবং অন্য এক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটির ভিডিও করছেন। আগুন দিয়েই তাঁরা পালানোর চেষ্টা করেন।
ধোঁয়া দেখে আশপাশের বাসিন্দারা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন। গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রহমান বলেন, রাতে শাখার প্রধান ফটকে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়; পরে স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তিনি আরও জানান, এর আগে গত বুধবার রাতেও এই শাখায় পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছিল।