শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

ভোলার দৌলতখানে ঘরে বিষাক্ত স্প্রে করে ‘অজ্ঞান পার্টি’র হামলার অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় ইমামের মৃত্যু

সৈয়দপুর ইউনিয়নের মাঝি বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আবু বকর সিদ্দিক (৬৫) বৃহস্পতিবার বিকেলে ভোলা সদর হাসপাতালে মারা যান।

ভোলার দৌলতখান উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের প্রয়োগ করা নেশাজাতীয় বিষাক্ত স্প্রের কবলে পড়ে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। নিহত মাওলানা আবু বকর সিদ্দিক (৬৫) ছিলেন উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মাঝি বাড়ি জামে মসজিদের ইমাম এবং বোরহানউদ্দিনের রানীগঞ্জ আলিয়া মাদ্রাসার সাবেক প্রধান মোহাদ্দেস।

স্থানীয় সূত্র ও পরিবারের বরাতে জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়িতে তাঁর বসতঘরের জানালা দিয়ে নেশাজাতীয় বিষাক্ত স্প্রে করে। এতে ঘরে ঘুমিয়ে থাকা আবু বকর সিদ্দিক, মাওলানা শাহাদাত ও ১০ বছর বয়সী শিশু জুবাইদা অচেতন হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আবু বকর সিদ্দিককে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ছেলে ইকবাল হোসেন জানান, ‘অজ্ঞান পার্টি’র সদস্যরা ঘরে বিষাক্ত নেশাজাতীয় স্প্রে করলে ঘুমিয়ে থাকা তিনজনই অচেতন হয়ে পড়েন। ওই বিষাক্ত গ্যাসের প্রভাবে তাঁর বাবার মস্তিষ্ক ও হৃৎপিণ্ড আক্রান্ত হলে মৃত্যু হয় বলে তিনি দাবি করেন। মৃত্যুর কারণ চিকিৎসকের প্রতিবেদনে কী উল্লেখ করা হয়েছে, তা জানা যায়নি।

শুক্রবার জুমার নামাজের আগে মসজিদ চত্বরে জানাজা শেষে তাঁকে মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। এলাকার শ্রদ্ধেয় এই প্রবীণ আলেমের আকস্মিক মৃত্যুতে স্থানীয় আলেম-ওলামা ও মুসল্লিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।