রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

‘এই সংসদের মূল্য দুই আনাও নেই’, পাঁচ বছর টিকবে কি না সন্দেহ প্রকাশ নাহিদ ইসলামের; ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা

যাত্রাবাড়ীতে প্রচারপত্র বিতরণের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ এবং প্রশাসকদের স্থানীয় নির্বাচনে অংশ না নেওয়ার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক।

বর্তমান জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি নিয়েছে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। সেই কর্মসূচি সফল করতেই এই প্রচারপত্র বিতরণ। এক সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পরে যে সংসদ নির্বাচন হয়েছে, সেই নতুন সংসদের মূল্য আর দুই আনাও নেই। তাঁর দাবি, এই সংসদে বিরোধী দলের কথা বা জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন নেই।

সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদে নিয়োগ পাওয়া কোনো প্রশাসকেরই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবেন—স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানান নাহিদ। তাঁর প্রশ্ন, প্রশাসকদের আবার স্থানীয় সরকারের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি কোন ধরনের গণতন্ত্র।

নাহিদ ইসলাম বলেন, দেশে আইনশৃঙ্খলার অবনতি তাঁরা দেখতে চান না। এর প্রথম পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তাঁর মতে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বে থাকা অবস্থায় আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানিমন্ত্রীরও পদত্যাগ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে যে ‘প্রহসন’ চলছে, তা বন্ধ করতে হবে। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির ঘোষিত মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, দলের রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব এস এম শাহরিয়া উপস্থিত ছিলেন। একই কর্মসূচিতে শনিবার বিকেলে উত্তরায়ও প্রচারপত্র বিতরণ করেছে দলটি।