রাজধানীর বাজারে শীতের নতুন সবজি উঠতে শুরু করলেও চড়া দামে স্বস্তি মিলছে না ক্রেতাদের। ৩০ অক্টোবর মোহাম্মদপুরের টাউন হল মার্কেট ঘুরে দেখা গেছে, নতুন আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০ টাকায় এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকায়। বেশির ভাগ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে।
সবজির দাম
বাজারে ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা, ঝিঙা ১০০, লাউ ৬০ থেকে ৮০, পটোল ৬০, লম্বা বেগুন ১০০ ও গোল বেগুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁকরোল ১০০, কচুমুখী ৮০, মুলা ৭০, ঢ্যাঁড়স ৮০, গাজর ১৪০, শিম ১০০ এবং সাধারণ টমেটো ১২০ টাকা। কাঁচা মরিচ কেজিপ্রতি ১৪০ টাকা। তুলনামূলক কম দামে পেঁপে ৩০, মিষ্টিকুমড়া ৪০ ও জলপাই ৮০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
ক্রেতা সিদ্দিকুর রহমান বলেন, টেলিভিশনে দেখা যায় কোথাও পাঁচ টাকায়ও লাউ বিক্রি হচ্ছে না, অথচ রাজধানীর বাজারে ৭০ থেকে ৮০ টাকার নিচে লাউ মিলছে না। শীতে সাধারণত সবজির দাম কমার কথা, এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সবজি ব্যবসায়ী রমিজ উদ্দিন বলেন, বাজারে নতুন কোনো সবজি উঠলে শুরুতে দাম কিছুটা বেশি থাকে।
মাছ-মুরগি-ডিম
ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৯০ টাকায়, সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকায়। ডজনপ্রতি বাদামি ডিম ১৪০ ও সাদা ডিম ১৩০ টাকা। মাছের বাজারে পাঙাশ ২৩০, তেলাপিয়া ২৬০, রুই ৩৫০, পাবদা ৪০০, চাষের শিং ৪৫০ ও বায়লা ৫৫০ টাকা কেজি। দেশি শিং কেজিপ্রতি ১,০০০ টাকা। ৯০০ গ্রাম ওজনের ইলিশ ২,০০০ থেকে ২,২০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ ২,৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ ব্যবসায়ী মোজাম্মেল বলেন, সাগরের মাছের দাম সাধারণত বেশি থাকে, দেশি মাছের দামও চড়া। ক্রেতা আজাদ রহমানের মতে, অন্য বাজারের তুলনায় টাউন হল মার্কেটে মাছের দাম কিছুটা বেশি হলেও এখানে তুলনামূলক তাজা মাছ মেলে।