মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে নানিকে হত্যা: অনলাইন জুয়ার টাকার জন্য খুনের কথা স্বীকার করেছে ১৬ বছরের কিশোর

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার কিশোর আদালতে জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছে; হত্যায় ব্যবহৃত ছুরি ও স্বর্ণালংকার উদ্ধার হয়েছে।

চাঁদপুর শহরের একটি ভাড়া বাসায় ৬৫ বছর বয়সী এক নারীকে হত্যার ঘটনায় তাঁর ১৬ বছর বয়সী নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে আদালতে দেওয়া জবানবন্দিতে সে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার কিশোর নিহত নারীর তৃতীয় মেয়ের বড় ছেলে ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে অনলাইন জুয়ায় অভ্যস্ত ছিল। জুয়া খেলার টাকার জন্য নানির স্বর্ণালংকার চুরির পরিকল্পনা করে, যা শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে গড়ায়। পুলিশের ভাষ্য, ঘটনার দিন একা কৌশলে সে নানির বাসায় ঢোকে, তাঁর হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর সোনার মালা, আংটি, দুল ও একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।

রোববার সন্ধ্যায় কিশোরকে আটক করা হয়। পুলিশ তাকে নিয়ে নিহত নারীর বাসার ভবনে যায়। সেখানে সপ্তম তলার টয়লেটের পাইপের ভেতর থেকে সে নিজ হাতে হত্যায় ব্যবহৃত ছুরি বের করে দেয়। নিজের বাড়ির শয়নকক্ষে স্টিলের আলমারির নিচ থেকে সে স্বর্ণালংকারও বের করে দেয়। পুলিশ এসব জব্দ করেছে। মুঠোফোনটি লেকে ফেলে দেওয়া হয়েছিল বলে পুলিশের ধারণা।

মামলার এজাহার অনুযায়ী, ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টার মধ্যে শহরের একটি বাণিজ্যিক ভবনের সপ্তম তলার ভাড়া বাসায় তাঁকে হত্যা করা হয়। নিহত নারীর চার মেয়ে ও এক ছেলে। ছেলে জাপানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় ৩০ অক্টোবর থেকে তাঁকে শহরের ওই বাসায় রাখা হয়েছিল।

এজাহারে বলা হয়, ঘটনার রাতে মায়ের ফোন বন্ধ পেয়ে এক মেয়ে ভবনের দারোয়ানকে ফোন করেন। দারোয়ান ফ্ল্যাটের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে খাটের ওপর হাত-মুখ বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পান। রোববার ওই মেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন।