বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

প্রকৃত উপকারভোগীদের সেবা নিশ্চিতে সমাজসেবা খাতে সংস্কার জরুরি: অধ্যাপক ইউনূস

প্রকৃত উপকারভোগীদের সেবা নিশ্চিতে সমাজসেবা খাতে সংস্কার জরুরি: অধ্যাপক ইউনূস
ছবি: ছবি: সংগৃহীত

বয়স্ক নাগরিক ও কিশোরীদের অগ্রাধিকার দিয়ে ডিজিটাল স্বচ্ছতা বৃদ্ধির নির্দেশনা প্রধান উপদেষ্টার

বারিন্দপোস্ট ডেস্ক | ৪ আগস্ট ২০২৫

সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সমাজসেবা অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সমাজসেবা খাতের পুরোনো কাঠামোর সংস্কার এবং সেবায় স্বচ্ছতা আনার ওপর জোর দেন।

অধ্যাপক ইউনূস বলেন, “এই মন্ত্রণালয় এখনো ২০১৩ সালের একটি পুরোনো মডেলের ওপর পরিচালিত হচ্ছে। এটা জরুরি ভিত্তিতে সংশোধন করা দরকার।” তিনি বয়স্ক ভাতা বিতরণে প্রতারণা, রাজনৈতিক প্রভাব এবং সীমিত সেবা প্রবেশাধিকারকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।

তিনি বলেন, “অনেক ভুল তথ্য ছড়িয়ে পড়ে, ফলে মানুষ বিভ্রান্ত ও উদ্বিগ্ন হয়। সঠিক তালিকা নিশ্চিত করা এবং বাস্তবভিত্তিক সমাধান বের করা জরুরি।”

প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, ভাতা বিতরণে রাজনৈতিক প্রভাবের কারণে বৈষম্য সৃষ্টি হয়েছে। “অনেক ব্যক্তি রাজনৈতিক প্রভাবে অবৈধভাবে ভাতা পেয়েছেন। এই ধরনের পক্ষপাত বন্ধ হতে হবে,” বলেন তিনি। ভাতায় প্রতারণা রোধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী বয়স যাচাই করে ভাতা প্রদানের প্রস্তাব দেন অধ্যাপক ইউনূস। তার মতে, “ভাতা শুধু এনআইডিতে বর্ণিত বয়স অনুযায়ী দেয়া উচিত। এটিই প্রতারণা বন্ধের একমাত্র উপায়।

বৈঠকে তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে মেয়েদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ সব কার্যক্রমে তাদের সম্পৃক্ত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, “এই মন্ত্রণালয়ের উচিত একটি মোবাইল অ্যাপ তৈরি করা, যেখানে সব সেবা ও তথ্য একসাথে থাকবে। মানুষ যেন জানার জন্য দৌঁড়াতে না হয়, তারা সহজেই বুঝতে পারে কী সাহায্য পেতে পারে।”

বৈঠকে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।