এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ ছিল নিজেদের হাতেই, কিন্তু তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে ২–০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। শুক্রবার (২০ নভেম্বর) রাস আল খাইমার এমিরেটস ক্লাব স্টেডিয়ামে ম্যাচটি হয়।
ম্যাচের প্রথমার্ধে আরব আমিরাতকে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ; বিরতিতে যায় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই সালেম বানির শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৫৮ মিনিটে পেনাল্টি পায় আরব আমিরাত, স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন গামাল। এরপর সমতায় ফেরার চেষ্টা করলেও সফল হয়নি বাংলাদেশ। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সাইফ এসাদি দ্বিতীয় গোল করলে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যায়।
গ্রুপ পর্বে বাংলাদেশ চার ম্যাচে দুটি জয় ও দুটি হারে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তৃতীয় স্থানে থেকে শেষ করেছে। প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৫–১ গোলে হারের পর দলটি ভুটানকে ৪–০ ও ম্যাকাওকে ১–০ গোলে হারিয়ে শেষ ম্যাচ পর্যন্ত সম্ভাবনা জিইয়ে রেখেছিল।
বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, পাঁচ দলের গ্রুপ থেকে কেবল চ্যাম্পিয়ন দলই চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। গ্রুপের অন্য ম্যাচে ভুটানকে ১০–০ গোলে উড়িয়ে দিয়েছে সিরিয়া। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা আরব আমিরাতও বাদ পড়েছে।