দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৬১ জনের। তবে এই ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৭ হাজার ৭০২ জন শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৪ হাজার ৩৫৫ জনের। এই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭৫ জনের মৃত্যু হয়েছে; নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১১ হাজার ৮৬৫ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, ৪২৮ জন। এ ছাড়া চট্টগ্রামে ১৬৩, সিলেটে ১৪২, বরিশালে ৯৭, ময়মনসিংহে ৫২, খুলনায় ৪০, এবং রাজশাহী ও রংপুরে ৩৩ জন করে শনাক্ত হয়েছেন।