রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

এইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের কেন্দ্রের পরীক্ষা হবে রাজৈর ও আলফাডাঙ্গায়

অনুকূল পরিবেশ না থাকায় ঢাকা শিক্ষা বোর্ড ১ ডিসেম্বর শুরু হওয়া পরীক্ষার কেন্দ্র সরিয়ে নিয়েছে; দেশজুড়ে সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।

এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। কিন্তু গোপালগঞ্জে এ পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিবেশ না থাকায় জেলার পরীক্ষার্থীদের পাশের জেলার নিকটবর্তী উপজেলায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। গোপালগঞ্জ জেলা ঢাকা শিক্ষা বোর্ডের অধীন।

বোর্ডের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষা হবে মাদারীপুরের রাজৈরে এবং কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষা হবে ফরিদপুরের আলফাডাঙ্গায়। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্র, টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজৈরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, সারা দেশে একযোগে সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই তা পেছানো হচ্ছে না। এ কারণেই গোপালগঞ্জের পরীক্ষার্থীদের নিকটবর্তী জেলা ও উপজেলায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন অংশ নেন, পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন। সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য এই সম্পূরক পরীক্ষা ১ ডিসেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এবার সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

গোপালগঞ্জে আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ-ধর্মঘটে রোববার জেলার সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।