সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

ক্যান্টনমেন্টের নিউগিনি আবাসন প্রকল্পে আবার হামলা-ভাঙচুর, ১৪ জন গ্রেপ্তার; মালিকের বিরুদ্ধে উল্টো মামলা

শনিবার বিকেলের ঘটনায় প্রকল্পের মালিক বলছেন তিনি ঘটনাস্থলে ছিলেন না, তবু তাঁকে আসামি করা হয়েছে; ২৬ সেপ্টেম্বরের হামলার তদন্তও এখনো চলছে।

রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজ নামের আবাসন প্রকল্পে গত শনিবার বিকেলে আবার হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ পুরুষ ও ৪ নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর উল্টো প্রকল্পের মালিকের বিরুদ্ধেই মামলা হয়েছে।

প্রকল্পের মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া রোববার বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না, আমাকে আসামি করে মামলা করা হলো। তখন পুলিশ কিছু বলেনি। আমি যখন মামলা করতে গেলাম, তখন পুলিশ বলে কয়েকজনের নাম বাদ দিতে। তাই আমি মামলা করিনি।’ তিনি জানান, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, নাজিম উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে নুর মোহাম্মদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন। ওসির ভাষ্য, নাজিম উদ্দিন থানায় মামলা করতে এসেছিলেন, তবে হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না—এমন ব্যক্তিকেও তিনি আসামি করতে চেয়েছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজি না হওয়ায় তিনি মামলা না করেই চলে যান। পুলিশ সূত্র জানায়, নাজিম উদ্দিনের সঙ্গে মামলার বাদী নুর মোহাম্মদের জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, শনিবার বিকেলে একদল যুবক প্রকল্পের ভেতরের একটি ফটকে গিয়ে হামলা চালায় এবং ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। নাজিম উদ্দিনের অভিযোগ, আগের হামলার মামলায় জামিনে মুক্ত হয়ে আসামিরা ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে আবার এ হামলা করিয়েছেন।

এর আগে ২৬ সেপ্টেম্বর রাতেও এই প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। তখন সেখানে থাকা জনপ্রিয় কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট হয়; তাঁর পোস্ট করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২৬ সেপ্টেম্বরের ঘটনায় ‘সমন্বয়ক’ হিসেবে চিহ্নিত একজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এখনো গ্রেপ্তার করতে পারেনি। ওই হামলার পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যাঁদের আটজন জামিনে মুক্তি পেয়েছেন। তদন্তসংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ওই ঘটনায় জড়িত আরও নয়জনকে শনাক্ত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।