বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দুই বছর পর চট্টগ্রামে ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্রবার শুরু, উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

পলোগ্রাউন্ডে মাসব্যাপী মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে; প্রবেশ টিকিট ৩০ টাকা।

মাসব্যাপী ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। গতকাল বুধবার মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক। তিনি বলেন, চেম্বারের বোর্ড না থাকায় দুই বছর সিআইটিএফ আয়োজন করা যায়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম পলোগ্রাউন্ডে মেলার উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত থাকবেন।

মেলার সামগ্রিক তথ্য তুলে ধরেন মেলা কমিটির উপদেষ্টা ও সাবেক চেম্বার সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। প্রায় ৪ লাখ বর্গফুট জায়গা নিয়ে মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় প্রবেশের জন্য দর্শনার্থীদের প্রতি টিকিটের মূল্য ৩০ টাকা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

চেম্বার সভাপতি এ ধরনের মেলা ও প্রদর্শনীর আয়োজনের জন্য একটি স্থায়ী ভেন্যুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। মেলা সফল করতে তিনি চট্টগ্রামবাসী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। সংবাদ সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল আলমসহ কমিটির সদস্যরা ও চেম্বারের পরিচালকেরা উপস্থিত ছিলেন।