মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যায় ভর্তি গড়ে ১ হাজার ৪২৫ রোগী; এক হাজার শয্যার অনুমোদনের তিন বছরেও বাড়েনি অবকাঠামো ও জনবল

মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা; ১০ বছরেও চালু হয়নি ক্যানসার ইউনিট, ১৪ কোটি টাকার যন্ত্র বাক্সবন্দী।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করার অনুমোদন মিলেছে তিন বছর আগে। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল বাড়েনি। ফলে ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ১ হাজার ৪২৫ জন রোগী ভর্তি থাকেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। এর সঙ্গে আছে চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়ের সংকট।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ৪ জুন ২৫০ শয্যা নিয়ে ফরিদপুর শহরের হাড়োকান্দি এলাকায় হাসপাতালটির যাত্রা শুরু হয়। ২০১৩ সালের ১ সেপ্টেম্বর এটি ৫০০ শয্যায় উন্নীত হয়। তখন চিকিৎসক, নার্স ও কর্মচারী মিলিয়ে ৪০০ জনবল চাওয়া হলেও পাওয়া গেছে মাত্র ৫০ জন। ২০২৩ সালের ১১ জুন হাসপাতালটিকে এক হাজার শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়া হলেও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগ হয়নি। ফরিদপুর ছাড়াও রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও কুষ্টিয়াসহ আশপাশের জেলার মানুষ এই হাসপাতালের ওপর নির্ভর করেন।

হাসপাতাল চত্বরে বর্তমানে দুটি ভবন আছে—একটি চারতলা, অন্যটি ১০ তলা। চারতলা ভবনে মেডিসিন বিভাগ, আর ১০ তলা ভবনের নিচতলায় বহির্বিভাগ।

গত রোববার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরুষ মেডিসিন ওয়ার্ড রোগীতে ঠাসা, অনেকে বারান্দায় শয্যা পেতেছেন। রাজবাড়ীর কালুখালীর বাসিন্দা ইসহাক আলী শেখের (৬৫) স্ত্রী বীনা বেগম জানান, ১৭ নভেম্বর অসুস্থ স্বামীকে নিয়ে হাসপাতালে এসেছেন; শয্যা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক কিশোরের স্বজনেরা নির্ধারিত সময় বেলা একটার পর পৌঁছানোয় এক্স-রে করাতে পারেননি; ওয়ার্ডবয় না থাকায় ট্রলিতে করে রোগীকে বাইরে নিয়ে যাওয়ার কাজও তাঁদেরই করতে হয়েছে। বাধ্য হয়ে তাঁরা কিশোরকে বেসরকারি ক্লিনিকে নিয়ে যান।

২০১৬ সালে ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে হাসপাতালের দক্ষিণ পাশে ক্যানসার ইউনিটের একতলা ভবন নির্মাণ করা হলেও বরাদ্দ না থাকায় সেটি চালুর উপযোগী করা যায়নি। ভবনের মূল ফটকে তালা ঝুলছে, বসানো ১০টি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র অকেজো হয়ে গেছে, ছাদে বটগাছ জন্মেছে। ১৪ কোটি টাকায় কেনা লিনিয়ার অ্যাক্সিলারেটর যন্ত্রটিও বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে।

হাসপাতালের পরিচালকের পদ বর্তমানে ফাঁকা। ভারপ্রাপ্ত পরিচালক ও উপপরিচালক মানষ কুমার কুণ্ডু বলেন, জনবল নিয়োগ ও অবকাঠামো নির্মাণ না হওয়ায় পুরোনো জনবল দিয়েই সেবা চালাতে হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বেজমেন্টে পানি জমে থাকার সমস্যা সমাধানসহ বিভিন্ন উন্নয়নকাজের জন্য ৬৩টি কাজের একটি পরিকল্পনা গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।