জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা একটি মৌলিক অধিকার, এটি কোনো পুরস্কার নয়। সোমবার (২৮ জুলাই) জাতিসঙ্ঘের উচ্চ পর্যায়ের এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
গুতেরেস বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র অস্বীকার করা চরমপন্থীদের জন্য একটি উপহারস্বরূপ হবে।” তিনি গাজার পরিস্থিতিকে “বিপর্যয়ের ঝড়” বলে অভিহিত করেন এবং বলেন, “জীবন রক্ষাকারী মানবিক সাহায্যের ওপর বিধিনিষেধ কমানো স্বাগতযোগ্য পদক্ষেপ, তবে এই দুঃস্বপ্নের অবসান এখনো বহু দূরে।”
তিনি একটি তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি সব বন্দির নিঃশর্ত মুক্তি এবং পূর্ণ মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান। গুতেরেস আরও বলেন, “এই শর্তগুলো শান্তির আগমুহূর্ত নয়, বরং এর ভিত্তি।”
পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলকে তিনি অবৈধ বলেও মন্তব্য করেন। “সেখানে কোনো নিরাপত্তা নেই,” বলেন গুতেরেস।
মধ্যপ্রাচ্যের বর্তমান কূটনৈতিক পরিস্থিতির সমালোচনা করে জাতিসঙ্ঘ মহাসচিব বলেন, “শান্তির পরিবর্তে প্রক্রিয়াগত দৃষ্টিভঙ্গিই প্রাধান্য পাচ্ছে।” তিনি দ্বি-রাষ্ট্র সমাধানকে ‘মধ্যপ্রাচ্য শান্তির মূল প্রশ্ন’ হিসেবে উল্লেখ করে ইসরাইলকে স্পষ্টভাবে এই সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি