বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় কয়লার আগুনে ইস্তিরি করতে গিয়ে দগ্ধ হয়ে দুই সহোদরের মৃত্যু

স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি ইস্তিরি করার সময় লাগা আগুনে দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ১৫ ও ১৪ বছর বয়সী দুই ভাই।

কক্সবাজারের চকরিয়ায় আগুনে দগ্ধ হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি ইস্তিরি করার সময় আকস্মিক আগুন ধরে গেলে ঘরের ভেতরেই দগ্ধ হয় তারা। নিহত দুজনের বয়স ১৫ ও ১৪ বছর। তারা একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই মারা যায়। একই দিন রাত ৮টার দিকে গ্রামের মসজিদ মাঠে তার জানাজার প্রস্তুতির সময় খবর আসে, হাসপাতালে বড় ভাইও মারা গেছে। রাত ৯টার দিকে ছোট ভাইয়ের দাফন শেষে স্বজনেরা বড় ভাইয়ের মরদেহ আনতে হাসপাতালে ছুটে যান। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার জানাজা হয়। পরে করাইয়াঘোনা জামে মসজিদ কবরস্থানে ছোট ভাইয়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়।

দুই ভাই একই এলাকার এক মাওলানার সন্তান। একসঙ্গে দুই সন্তান হারানোয় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার। তিনি বলেন, কয়লার আগুন থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পরিবারটিকে কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আরও সহায়তার চেষ্টা চলছে।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি পদক্ষেপ শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।