বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

জাতীয় ক্রিকেট লিগ: রাজশাহীকে ইনিংসে হারিয়ে ঢাকার প্রথম জয়, অমিত হাসানের ডাবল সেঞ্চুরি

চতুর্থ রাউন্ডের শেষ দিনে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ঢাকা ইনিংস ও ১০৩ রানে জিতেছে; বাকি তিন ম্যাচ ড্র, কক্সবাজারে সিলেটের উইকেটরক্ষক অমিত অপরাজিত ২০১।

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের শেষ দিন পর্যন্ত ব্যাটারদের দাপট ছিল। চার ম্যাচের মধ্যে একমাত্র জয় পেয়েছে ঢাকা বিভাগ, বাকি তিন ম্যাচই শেষ হয়েছে ড্রয়ে।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীকে ইনিংস ও ১০৩ রানে হারিয়ে বোনাস পয়েন্টসহ জয় নিশ্চিত করেছে ঢাকা। আগের তিন ম্যাচ ড্র করা দলটির এটি প্রথম জয়। সব মিলিয়ে ১৫ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দুইয়ে উঠে এসেছে। ঢাকার একমাত্র ইনিংস থেমেছিল ৫২১ রানে। জবাবে রাজশাহী প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে এবং দ্বিতীয় ইনিংসে ৭০.৪ ওভারে ২৫৬ রানে গুটিয়ে যায়।

কক্সবাজারে সিলেট ও খুলনার ম্যাচের প্রথম তিন দিনে সব মিলিয়ে পড়েছিল মাত্র চারটি উইকেট, ফলে ম্যাচের ফল ড্র হওয়া নিশ্চিত হয়ে যায়। শেষ দিনে অপেক্ষা ছিল সিলেটের উইকেটরক্ষক ব্যাটার অমিত হাসানের ডাবল সেঞ্চুরির। ৩৩৫ বলে ১৬টি চার ও ২টি ছক্কায় ২০১ রানে অপরাজিত থাকেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি অমিতের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। তাঁর মাইলফলক পূর্ণ হতেই ৬ উইকেটে ৬৩২ রানে ইনিংস ঘোষণা করে সিলেট। ম্যাচসেরা হয়েছেন অমিত।

সিলেটের একাডেমি মাঠে বরিশালের বিপক্ষে রংপুরের মিম মোসাদ্দেক করেছেন ১২১ রান। রংপুর দ্বিতীয় ইনিংসে ২৮৮ রান তুললে ম্যাচটি ড্র হয়। এই ম্যাচে ১০৪ রান করেন নবীন ইসলামও। বগুড়ায় ময়মনসিংহ ও চট্টগ্রামের ম্যাচে নাটকীয়তার আভাস থাকলেও শেষ পর্যন্ত ফল আসেনি। ময়মনসিংহের প্রথম ইনিংসের ৪৬৫ রানের জবাবে ১২ ছক্কায় শাহ পরানের অপরাজিত ১৬৩ রানের কল্যাণে চট্টগ্রাম করে ৫৯৯ রান; ম্যাচ ড্র হয়।