নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাকে মারধর এবং বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী এ দণ্ড দেন। দণ্ডের সঙ্গে ২০০ টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মরহুম আবুল বাশারের ছেলে সাইফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য মা ও পরিবারের অন্য সদস্যদের মারধর করতেন। সোমবার বিকেলে মাদকাসক্ত অবস্থায় তিনি বসতঘরে আগুন ধরিয়ে দেন, ভাঙচুর চালান এবং মাকে মারধর করেন।
সাইফুলের মায়ের অভিযোগের ভিত্তিতে সেনবাগ থানা-পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে আটক করে। এরপর ঘটনাস্থলে যান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. ইরফানুল হক চৌধুরী। ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে তিনি সাইফুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। আদালতের আদেশ অনুযায়ী রাতেই পুলিশ তাঁকে কারাগারে পাঠায়।