চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
দুলাল মিয়াজী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।
মৃতের ছেলে তামিম জানান, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতেন না তাঁর বাবা। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।
পরিবারের দাবি, মৃতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে। মৃত্যু হত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে, তা ময়নাতদন্ত ও তদন্তের পরই স্পষ্ট হবে। পরিবারের দাবির বিষয়ে পুলিশের কাছ থেকে আলাদা কোনো মন্তব্য পাওয়া যায়নি।