রংপুরে আঞ্চলিক ইজতেমার দ্বিতীয় দিনে জুমার নামাজে লাখো মুসল্লির সমাগম হয়েছে। শুক্রবার নগরীর দর্শনা এলাকার ইজতেমা মাঠের প্যান্ডেল ছাপিয়ে আশপাশের সড়ক, মাঠ, দোকানপাট ও বাসাবাড়ির ছাদে নামাজে অংশ নেন মুসল্লিরা। আজ শনিবার দুপুর ১২টায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হবে।
শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। জুমায় অংশ নিতে রংপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসেন। নামাজ ও মুনাজাত শেষে অনেকে কান্নায় ভেঙে পড়ে নিজের, পরিবারের, দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া করেন।
মিঠাপুকুরের শাল্টিগোপালপুর থেকে আসা মুসল্লি আবিদুর রহমান স্বপন বলেন, অনেক মানুষের সঙ্গে নামাজ পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাড়িতে অসুস্থ স্ত্রী ও বাবা-মায়ের রোগমুক্তির জন্য তিনি দোয়া করেছেন। গঙ্গাচড়া থেকে আসা মনিরুজ্জামান মনি বলেন, তিনি প্রতি বছর ইজতেমায় আসেন, ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা শোনেন এবং তা মেনে চলার চেষ্টা করেন।
ইজতেমায় প্রতিদিন উপস্থিত থাকছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম। তিনি বলেন, ইজতেমা আল্লাহ, ইসলাম ও মহানবী (সা.)-এর প্রতি মানুষের ভালোবাসার মিলনমেলায় পরিণত হয়েছে; তিনি দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করেন।
রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ জানান, ট্রাফিক ব্যবস্থাপনা, বিভিন্ন খিত্তায় পুলিশ মোতায়েন ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। চারস্তরের নিরাপত্তাব্যবস্থায় আড়াই শতাধিক পুলিশ সদস্য মোতায়েন আছেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ইজতেমায় দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবী কাজ করছেন এবং ৯টি খিত্তা স্থাপন করা হয়েছে। মূল প্যান্ডেলে প্রতিদিন প্রায় ৪০ হাজার মুসল্লি অবস্থান করছেন। সুদান ও মালয়েশিয়া থেকে আসা দুটি বিদেশি জামাতও রয়েছে। বিভিন্ন সংগঠন বিনা মূল্যে মেডিক্যাল ক্যাম্প চালাচ্ছে এবং মুসল্লিদের খাবার পানির ব্যবস্থা করেছে। আখেরি মুনাজাত পরিচালনা করবেন হাফেজ ওয়াজি উল্লাহ।