শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সিঙ্গাপুরের বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, বাংলাদেশি যুবকের কারাদণ্ড

মদ্যপ অবস্থায় বিমানে হয়রানি ও পরে পুলিশ সদস্যের গায়ে থুতু দেওয়ার দুই অভিযোগে দোষ স্বীকার করায় ২৩ বছর বয়সি যুবককে সাজা দিয়েছে সিঙ্গাপুরের আদালত।

সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি এবং আলাদা ঘটনায় এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি যুবককে কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের আদালত। ২৩ বছর বয়সি খন্দকার মোহাম্মদ ইয়ামিনকে দুই মাস ও আট সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ২৩ নভেম্বর দোষ স্বীকারের পর তাঁর সাজা ঘোষণা করা হয়।

সিঙ্গাপুরের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আদালতের নথিতে বলা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিন গ্লাস ওয়াইন পান করে মাতাল হয়ে পড়েন ইয়ামিন। ভোর ৪টার দিকে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি এক নারী কেবিন ক্রুর গায়ে হাত দেন। ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো আদালতকে জানান, স্পর্শের ঘটনা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

২৬ বছর বয়সি ওই নারী এতে আতঙ্কিত ও ক্ষুব্ধ হন এবং ইয়ামিনকে তাঁকে স্পর্শ করতে নিষেধ করেন। জবাবে ইয়ামিন কিছু না বলে তাঁর দিকে তাকিয়ে হাসেন। পরে ওই নারী সহকর্মীকে বিষয়টি জানান। সহকর্মী ইয়ামিনের মুখোমুখি হলে পুলিশকে খবর দেওয়া হয়। ফ্লাইট সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে নামার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে ব্যক্তিগত মুচলেকায় তিনি মুক্তি পান।

প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, ৭ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় মাতাল অবস্থায় তাঁকে পাওয়া যায়। তিনি কাঁদছিলেন, অসংলগ্নভাবে চিৎকার করছিলেন। চিকিৎসাকর্মীরা রক্তচাপ মাপার চেষ্টা করলে তিনি সহযোগিতা করেননি। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সিগারেট চাওয়ার দাবি পূরণ না হওয়ায় তিনি আক্রমণাত্মক আচরণ করেন এবং একপর্যায়ে তাঁর পা ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেন।

এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে যৌন হয়রানি এবং সরকারি দায়িত্ব পালনরত ব্যক্তির ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগ আনা হয়। দুটি অভিযোগেই তিনি দোষ স্বীকার করেন।