বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গার দর্শনায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা, মাথায় ১২ কোপের চিহ্ন

কামরিয়া বিলে ঘেরের কুঁড়েঘরে থাকা বদর উদ্দিনকে (৫৩) অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

চুয়াডাঙ্গার দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে মাছের ঘের পাহারা দেওয়ার সময় বদর উদ্দিন (৫৩) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজন তাঁর রক্তাক্ত লাশ দেখতে পান। নিহতের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের চিহ্ন ছিল।

বদর উদ্দিন চুয়াডাঙ্গার গহেরপুর মাঝেরপাড়া গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি প্রতিদিনের মতো গহেরপুর গ্রামের মাঠে কামরিয়া বিলে মাছের ঘের পাহারা দিতে যান। রাতে বিলের পাশের একটি কুঁড়েঘরে থাকার সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

বুধবার ভোরে স্থানীয় লোকজন মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।