শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ চলাকালীন নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার ১০৩ জন

ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ, জবাবদিহিতা নিশ্চিত এবং মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবিতে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালে নিউইয়র্ক শহরে তার বিরুদ্ধে একাধিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভগুলো আয়োজন করা হয়েছিল গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করার দাবিতে। এই বিক্ষোভগুলোর ফলে নিউইয়র্ক পুলিশ ১০৩ জনকে গ্রেপ্তার করে। তবে, পরে গ্রেপ্তারকৃত সকল ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। বৃহস্পতিবার ‘জিশ ভয়েস ফর পিস’ (জেভিপি) এবং ‘এনওয়াইসি-ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা’ (এনওয়াইসি-ডিএসএ) যৌথভাবে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। এতে ৪০০ জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে সেলিব্রিটি, আয়োজক এবং রাজনীতিবিদরা ছিলেন, জাতিসংঘের নিকটবর্তী ‘ফার্স্ট অ্যাভিনিউ’র একটি অংশ অবরোধ করে বসে পড়েন নেতানিয়াহুর ভাষণের পূর্বে। আয়োজকরা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন ছিলেন নির্বাচিত জনপ্রতিনিধি অথবা নির্বাচনী প্রার্থী। নিউইয়র্কের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের ডেমোক্রেটিক প্রার্থী ধরিয়ালিজা আভিলা শেভালিয়ের তাদের মধ্যে অন্যতম ছিলেন। বিক্ষোভকারীরা ঘোষণা দিয়েছে যে গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান পরিবর্তন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। নেতানিয়াহু তার জাতিসংঘ ভাষণে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে এটিকে 'শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা' বলে অভিহিত করেন। তিনি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকেও সমালোচনা করেন। প্রত্যুত্তরে মেয়র মামদানি নেতানিয়াহুর মন্তব্যকে 'ভিত্তিহীন মিথ্যা' আখ্যা দেন এবং গাজায় ইসরায়েলের কার্যকলাপের সমালোচনা পুনর্ব্যক্ত করেন।