কক্সবাজারের উপকূলীয় এলাকার ১৫ হাজার চিংড়ি ঘেরে বাগদার পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদিত হচ্ছে। ভরা মৌসুমে এসব মাছে জেলার হাটবাজার সয়লাব হয়ে যাচ্ছে, স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য জেলাতেও যাচ্ছে মাছ। তবে মাছ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন চাষি ও উদ্যোক্তারা।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর জেলার ৪৪ হাজার হেক্টর উপকূলীয় জমিতে প্রায় ১৫ হাজার চিংড়ি ঘেরে বাগদাসহ নানা প্রজাতির মাছ চাষ হচ্ছে। এসব ঘেরে বাটা, দাঁতিনা, গুইল্যা, কোরাল, তাইল্যা ও লইল্যাসহ বিভিন্ন জাতের মাছ পাওয়া যাচ্ছে।
চিংড়ি চাষি এনামুল বলেন, প্রতিদিন ঘেরে প্রচুর মাছ ধরা পড়লেও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কম দামে বিক্রি করতে হচ্ছে। সরকারি বা বেসরকারি উদ্যোগে হিমাগার হলে মৌসুমের বাড়তি মাছ রেখে পরে বিক্রি করা যেত বলে তাঁর মত।
চকরিয়ার চোয়ার ফাঁড়ি দেশের অন্যতম বড় পাইকারি মাছের বাজার। আড়তদার ছলিম উল্লাহ জানান, এ বাজারে প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকার মাছ কেনাবেচা হয়। সংরক্ষণের সুযোগ না থাকায় প্রতিদিনের মাছ সেদিনই বিভিন্ন এলাকায় পাঠাতে হয়।
বর্তমানে বাজারে প্রতি কেজি তাইল্যা মাছ ৪০০ টাকায়, বাটা ৫০০ থেকে ৬০০ টাকায়, গুইল্যা ৬০০ টাকায়, দাঁতিনা ৫০০ টাকায় এবং কোরাল ৪০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
সাবেক জেলা মৎস্য কর্মকর্তা ও চিংড়ি বিশেষজ্ঞ অমিতোষ সেন বলেন, মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রার ব্লাস্ট ফ্রিজারে রাখলে সাদা মাছের গুণগত মান তিন-চার মাস ঠিক থাকে। ঈদগাঁও, মহেশখালী, চকরিয়া ও পেকুয়ায় সংরক্ষণাগার করা হলে চাষিরা লাভবান হবেন। জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা নিশ্চিত করেন, সংরক্ষণাগারের অভাবে ঘের থেকে ধরা প্রতিদিনের মাছ সেদিনই বিক্রি করতে হয়।