মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় মানতে মিয়ানমারের প্রতি ১৪ দেশের আহ্বান; পাঁচ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের

যুক্তরাজ্যসহ ১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেছেন, রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক; লন্ডন রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। সোমবার এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। একই দিন যুক্তরাজ্য মিয়ানমারের কয়েকজন শীর্ষ সামরিক ব্যক্তিত্বের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। বিবৃতিতে বলা হয়, মিয়ানমার গণহত্যা সনদের অধীনে তার দায়িত্ব লঙ্ঘন করেছে। আদালতের রায় দেশটির জন্য বাধ্যতামূলক; তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী রায়ের সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করতে হবে মিয়ানমারকে।

যুক্তরাজ্য আলাদাভাবে জানিয়েছে, তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে এবং মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক ব্যক্তিত্বের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা। যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর চালানো ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের জবাব না দিয়ে ছেড়ে দেওয়া যায় না।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর আরও জানায়, মিয়ানমারে উড্ডয়ন জ্বালানি রপ্তানি ও সরবরাহের ওপর নিয়ন্ত্রণ আরোপে আইন আনার পরিকল্পনা রয়েছে। রাখাইন রাজ্যে প্রায় তিন লাখ ৫০ হাজার মানুষের জরুরি সেবার জন্য অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড এবং মিয়ানমারজুড়ে মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জবাবদিহি ও ন্যায়বিচার জোরদারে আরও ৩০ লাখ পাউন্ড দেওয়ার কথাও জানানো হয়েছে।

গত ১৯ নভেম্বর এক ঐতিহাসিক রায়ে আইসিজে ঘোষণা করে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী সাব্যস্ত করা হলো। মিয়ানমার সরকার রায়কে অন্যায্য ও “বড় হতাশা” বলে অভিহিত করেছে। রায়ের পরপরই যুক্তরাজ্য দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছিল।