বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দোয়ারাবাজারে ৩০ লাখ টাকায় কালভার্ট নির্মাণের ছয় বছরেও হয়নি সংযোগ সড়ক, ভোগান্তি

বোগলাবাজার ইউনিয়নের কান্দারগাঁও বাজার-দিঘিরপাড় সড়কের ৩৬ ফুট কালভার্টটি সংযোগ সড়ক না থাকায় কাজে লাগছে না; প্রকল্প কর্মকর্তা বলছেন আগামী বাজেটে কাজ হবে।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গ্রামীণ সড়কে চলাচল সহজ করতে একটি কালভার্ট নির্মাণ করা হলেও ছয় বছরেও সংযোগ সড়ক না হওয়ায় তা কাজে আসছে না। সরকারি অর্থ ব্যয়ে অবকাঠামো গড়া হলেও মানুষের দুর্ভোগ কমেনি বলে অভিযোগ স্থানীয়দের।

সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুমোদিত সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দারগাঁও বাজার থেকে দিঘিরপাড় সড়কে ৩৬ ফুট দীর্ঘ কালভার্টটি নির্মাণ করা হয়। এর জন্য ওই অর্থবছরে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কালভার্টের কাজ শেষ হলেও কয়েক অর্থবছর পেরিয়ে গেছে, সংযোগ সড়কের কাজ হয়নি। ফলে কালভার্টটি অনেকটা অকার্যকর অবস্থায় পড়ে আছে।

স্থানীয়দের অভিযোগ, কালভার্ট নির্মাণের আগে বা পরে সংযোগ সড়কের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন ছিল। দুই পাশের রাস্তার সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরি না হওয়ায় বর্ষা মৌসুমে পানি ও কাদার কারণে চলাচলে দুর্ভোগ আরও বাড়ে। স্থানীয় বাসিন্দা জহিরুল হক সানী বলেন, “একটি কালভার্ট নির্মাণের পর যদি তার দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ না করা হয়, তাহলে সরকারি অর্থ ব্যয় করে ওই অবকাঠামো নির্মাণের সুফল মানুষ কীভাবে পাবে?”

এলাকাবাসী দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে কালভার্টটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফুর রহমান বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না, এখন জানতে পারছেন। আগামী বাজেটে এখানে সংযোগ সড়কের কাজ করা হবে বলে জানান তিনি।