জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে শূন্যরেখায় দুই দিন ধরে অবস্থান করছেন এক নারী। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় তিনি কোনো দেশেই ঢুকতে পারছেন না। বিজিবির দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আটটার দিকে সীমান্তের ১০৭৬ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে ওই নারীকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। জামালপুর ৩৫ বিজিবির সদস্য ও স্থানীয় লোকজনের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে ওই নারী শূন্যরেখায় বসে আছেন। মঙ্গলবার সকাল থেকে বুধবার বিকেল চারটা পর্যন্ত তাঁকে সেখানে দেখা গেছে। কখনো এদিকে, কখনো ওদিকে যাওয়ার চেষ্টা করলেও কোনো দেশের বাহিনীই তাঁকে প্রবেশ করতে দেয়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিএসএফ ওই নারীকে পুশ ইনের চেষ্টা করেছিল, কিন্তু বিজিবির বাধার কারণে তা করতে পারেনি। তাঁর ভাষ্য, ‘আমাদের পাশে আমরা সতর্ক অবস্থানে আছি। ওই পাশে বিএসএফও অবস্থান নিয়ে আছে। তবে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা পুশ ইনের বিষয়টি অস্বীকার করেছে। কিন্তু আমাদের কাছে ভিডিও আছে।’ তিনি আরও বলেন, যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রখর রোদ ও খোলা আকাশের নিচে থাকায় ওই নারীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান করার দাবি জানিয়েছেন। ওই নারীর পরিচয় ও কোন দেশের নাগরিক, তা প্রতিবেদন তৈরির সময় জানা যায়নি।