প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিচ্ছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় আইজেনকটকে সিদ্ধান্তটি জানানো হয়েছে এবং রোববার আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁর হাতে সরকার গঠনের ম্যান্ডেট তুলে দেওয়া হবে।
গত ২৭ অক্টোবর নেসেটের নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর কাকে দায়িত্ব দেওয়া হবে, তা ঠিক করতে চলতি সপ্তাহে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট। এ সময় নেতানিয়াহুও জোট গঠনের চেষ্টা চালিয়ে যান।
১২০ আসনের নেসেটে সরকার গঠনে অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন লাগে। নির্বাচনে আইজেনকটের চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব-নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জিতেছে। আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠন করবেন না বলে আইজেনকট আগেই জানিয়েছেন। তবু তাদের সমর্থন নিশ্চিত হলে তাঁর পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন দাঁড়াবে। নেতানিয়াহুর জোটের পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৬ জন আইনপ্রণেতা।
নিয়ম অনুযায়ী আইজেনকট সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন; প্রয়োজনে প্রেসিডেন্ট আরও ১৪ দিন বাড়াতে পারেন। এ সময় তিনি বিভিন্ন দলের সঙ্গে নীতিগত দাবি, মন্ত্রিত্ব ও জোটের শর্ত নিয়ে দরকষাকষি করবেন।
তিনি ব্যর্থ হলে প্রেসিডেন্ট নেসেটের অন্য কোনো সদস্যকে একই দায়িত্ব দিতে পারবেন, যিনিও ২৮ দিন সময় পাবেন। সেটিও ব্যর্থ হলে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় কারও নাম প্রস্তাব করতে পারবেন, যাঁকে ১৪ দিন সময় দেওয়া হবে। এরপরও অচলাবস্থা থাকলে নেসেট ভেঙে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তখন দায়িত্বে থাকবেন নেতানিয়াহু।
লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু প্রায় ১৯ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।