প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীরা নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা করেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। বেলা দুইটার দিকে তাঁরা শাহবাগে জাতীয় জাদুঘরের মূল ফটকের পাশে অবস্থান নেন।
এ সময় প্রার্থীরা কাফনের কাপড় পরে অবস্থান, আমরণ অনশন ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেন। তাঁরা জানান, নিয়োগের দাবিতে গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তাঁরা আমরণ অনশন করেছিলেন। ওই সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে তাঁদের পুনঃযাচাইয়ের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু পরে তাঁদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে অভিযোগ করেন প্রার্থীরা।
কর্মসূচিতে আসা এক প্রার্থী বলেন, ‘আমরা যাঁরা এখানে এসেছি, আমরা কেউই ফৌজদারি অপরাধে জড়িত নই। আমাদের কেন বাদ দেওয়া হলো, কারণটাও জানি না। বিনা কারণে আমাদের শাস্তি দেওয়া হচ্ছে।’ প্রার্থীদের ভাষ্য, তাঁদের সহকর্মীদের প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে এবং অনেকের বেতন-ভাতাও চালু হয়েছে, অথচ তাঁরা নিয়োগপত্র না পেয়ে অনিশ্চয়তায় আছেন। দীর্ঘ এক মাস পার হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত আসেনি বলে তাঁদের অভিযোগ।
প্রাথমিকের এই নিয়োগপ্রক্রিয়ায় ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। তাঁদের মধ্যে ১৩ হাজার ৮৩১ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে কয়েক ধাপে ১৩ হাজার ৭৪৮ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বাকি ৮৩ জন এখনো নিয়োগপত্র পাননি।