মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সম্পূর্ণ বিনা খরচে গতকাল ১১২ জন কর্মী মালয়েশিয়ায় গেছেন। আগামী ৯ ডিসেম্বর আরেকটি দল যাবে। বিদেশে থাকা প্রবাসীদের আইনি সহায়তা দিতে ‘ল ফার্ম’ গঠনের কাজ চলছে বলেও তিনি জানান।
যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে জোর চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী। তাঁর ভাষ্য, বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, নিহত প্রত্যেক প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দলের ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বৃহত্তর সিলেটের অবকাঠামো ও পর্যটন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প আবার চালু করা হয়েছে এবং জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করা হয়েছে। জাফলং ও তামাবিলে আধুনিক রেস্টরুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যেই দৃশ্যমান হবে বলেও তিনি জানান। শেষে প্রবাসীদের নিজ নিজ অবস্থানরত দেশের প্রচলিত আইন মেনে চলার অনুরোধ জানান মন্ত্রী।