বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

চারঘাটে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও জলবায়ু ন্যায্যতা প্রচারাভিযান, র‍্যালি ও স্মারকলিপি

রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের উপস্থিতিতে উপজেলা পরিষদ থেকে র‍্যালি বের হয়ে আলোচনা সভা ও স্বাক্ষর সংগ্রহ হয়েছে।

রাজশাহীর চারঘাটে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ডাসকো ফাউন্ডেশনের জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (জিইটিসিএ) প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে চারঘাট উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, স্বাক্ষর সংগ্রহ অভিযান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। এবারের প্রতিপাদ্য ছিল, ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ি, জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করি’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ এবং জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সভাপতি মো. আফজাল হোসেন। প্রকল্পের রাজশাহী জেলা সমন্বয়কারী মদন দাস, তানোর, গোদাগাড়ী ও চারঘাট উপজেলার প্রকল্প সমন্বয়কারী ও কর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা যুবদলের সদস্য এবং উপজেলা ও ইউনিয়ন লোকমোর্চা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সমাজের সব স্তরের নারী-পুরুষকে সচেতন হতে হবে। প্রত্যেককে এমন প্রতিজ্ঞা করতে হবে, যাতে কারও মাধ্যমে কোনো নারী সহিংসতার শিকার না হন।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করা পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। নারীর অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নারী ও তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়াতে হবে। বাল্যবিবাহ, যৌন হয়রানি ও নারী নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, যুবসমাজ ও স্থানীয় জনগোষ্ঠীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে নারী ও তরুণদের সচেতন, সংগঠিত ও সক্রিয় করে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।