শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

অনলাইন পোর্টালে পেশাদার সাংবাদিক যুক্ত করা জরুরি, ওনাবের দাবির অধিকাংশ যৌক্তিক: তথ্য প্রতিমন্ত্রী

নীতিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পরামর্শের আশ্বাস; কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময়ের কথা জানালেন প্রতিমন্ত্রী।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সংবাদমাধ্যমের মান নিশ্চিত করতে পেশাদার সাংবাদিকদের যুক্ত করা জরুরি।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওনাব) নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার অর্জনে দেশের মানুষের আত্মত্যাগের বিষয়টি বিবেচনায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।

সভায় অনলাইন পোর্টালগুলোর পক্ষ থেকে বিজ্ঞাপনসহ বেশ কিছু দাবি তোলা হয়। প্রতিমন্ত্রী বলেন, এসব দাবির অধিকাংশই তাঁর কাছে যৌক্তিক মনে হয়েছে। তবে নতুন সরকারের পক্ষে সব দাবি একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি জানান, সরকার অনলাইন গণমাধ্যমকে সহযোগিতা করতে চায়।

তিনি আরও বলেন, সংবাদমাধ্যমের জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড বজায় রাখা অত্যন্ত জরুরি। মানসম্মত সংবাদ ও ভালো কনটেন্ট না হলে পাঠক অনলাইন পোর্টালের প্রতি আগ্রহী হবেন না। এ জন্য পোর্টালগুলোতে পেশাদার ও দক্ষ সাংবাদিকদের যুক্ত করতে হবে।

প্রতিমন্ত্রী জানান, অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করা হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট উপদেষ্টাকে নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। নীতিমালা তৈরির আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পরামর্শ করা হবে।

ওনাবের সভাপতি মোস্তফা কামাল মজুমদার বলেন, নিবন্ধিত ও সরকারি নিয়মনীতি অনুসরণকারী পোর্টালগুলো যেন টিকে থাকতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞাপনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা দরকার। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা (রনো) বলেন, পোর্টালগুলোর নিবন্ধন প্রতিবছর নবায়নের বদলে অডিটের আওতায় আনার দাবি রয়েছে। পাশাপাশি নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন বলেও তিনি মত দেন।