হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ জন্য বাংলাদেশের সঙ্গে ১৫ বছর মেয়াদি ইজারা (কনসেশন) চুক্তি করতে যাচ্ছে তারা। টার্মিনালটি ব্যবহারে যাত্রীদের এমবারকেশন ফি দিতে হবে ১২ দশমিক ৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫৫৯ টাকা। বর্তমানে এ মাশুল ৫০০ টাকা।
সোমবার সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ধরনের চুক্তির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়। বৈঠকে উপস্থাপিত তথ্যে জাপানি প্রতিষ্ঠানগুলোর গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সূত্র জানায়, টার্মিনাল যারা নির্মাণ করেছে, পরিচালনাও করবে তারাই।
চুক্তির শর্ত অনুযায়ী, ১৫ বছর মেয়াদে জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশকে এককালীন ৮১ লাখ ডলার (প্রায় ১০০ কোটি টাকা) অগ্রিম দেবে। যাত্রী পরিবহন থেকে অর্জিত রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ ডলার পাবে বাংলাদেশ। কার্গো পরিবহনে বাংলাদেশ পাবে প্রতি টনে আয়ের ২৭ শতাংশ অথবা ১১ দশমিক ৫ ডলার। আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর সর্বোচ্চ ৫০ শতাংশ গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের আর্থিক প্রস্তাব ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ যাচাই-বাছাই করেছে এবং দর-কষাকষিও শেষ হয়েছে। এই পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রকল্পটি টার্মিনাল নির্মাণ প্রকল্প থেকে আলাদা। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে নেওয়া এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ২১০ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রকল্পটি নীতিগত অনুমোদন পায় ২০২৩ সালের ১৯ জানুয়ারি।
টার্মিনাল নির্মাণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি টাকা এবং এর মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৩০ জুন। ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত টার্মিনালটি চালু হলে বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে। এতে থাকছে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি বহির্গমন ও ৫৯টি আগমন ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক।