রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রায় পাঁচ মাস পর খুলল কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স, বস্তায় ভরা হচ্ছে টাকা

শনিবার সকাল সাতটায় জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে দানবাক্সের তালা খোলা হয়; সব টাকা একত্র করার পর শুরু হবে গণনা।

কিশোরগঞ্জ সদরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স প্রায় পাঁচ মাস পর খোলা হয়েছে। আজ শনিবার সকাল সাতটায় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়। জেলা প্রশাসন ও মসজিদ পরিচালনা কমিটির অন্য সদস্যরাও তখন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত তিন থেকে চার মাস পরপর দানবাক্সগুলো খোলা হয়। এবার বাক্স খোলা এবং সেগুলো থেকে পাওয়া টাকা বস্তায় ভরার কাজ চলছে। সব বাক্সের টাকা একত্র করার পর শুরু হবে গণনা। প্রাথমিকভাবে ১৫টি দানবাক্স থেকে ৫১ বস্তা টাকা পাওয়ার কথা জানা গেছে; গণনা শেষ হলে মোট অঙ্ক নিশ্চিত হবে।

গণনা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মসজিদ এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ২৭ জুন দানবাক্সগুলো খোলা হয়েছিল। সেদিন ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে দেশি মুদ্রায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা মেলে। এ ছাড়া বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন সামগ্রীও পাওয়া গিয়েছিল। প্রতিবারই দানের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যায় বলে স্থানীয়ভাবে বলা হয়ে থাকে।

পাগলা মসজিদ শুধু মুসলমান নয়, বিভিন্ন ধর্মের মানুষের কাছেও পরিচিত একটি ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান। মানুষের বিশ্বাস, একনিষ্ঠ নিয়তে এখানে দান করলে মনের বাসনা পূরণ হয়। সেই বিশ্বাস থেকে অনেকে রোগমুক্তি, উচ্চশিক্ষা বা সন্তানলাভের মানত করেন। শুধু টাকা নয়, অনেকে স্বর্ণালংকার, হাঁস-মুরগি ও গবাদিপশুও দান করেন।

প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীতে মাদুরে ভেসে এসে বর্তমান মসজিদের স্থানে অবস্থান নেন। তাঁকে ঘিরে ভক্তদের সমাগম বাড়তে থাকে এবং তাঁর মৃত্যুর পর কবরের পাশে মসজিদ নির্মাণ করা হয়। প্রায় আড়াইশ বছরের পুরোনো মসজিদটি নরসুন্দা নদীর তীরে প্রায় ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত এবং ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্‌ফ এস্টেটের অধীনে পরিচালিত হচ্ছে।