বাহরাইনে মার্কিন সামরিক রাডার স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। এদিকে বাহরাইনের সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা ইরানের কয়েকটি আকাশপথের হামলা লক্ষ্যে পৌঁছার আগেই প্রতিহত ও ধ্বংস করেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের যুদ্ধ-ড্রোন মঙ্গলবার ভোরে শেখ ইসা বিমানঘাঁটিতে একটি মার্কিন সামরিক রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে “নিখুঁত অভিযান” চালিয়েছে। বাহিনীটির ভাষ্য, ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাবে এই হামলা। তারা হুঁশিয়ারি দিয়েছে, আঞ্চলিক ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালানো হলে তার “জবাব না দিয়ে ছাড়া হবে না”।
তবে ইরানের এই দাবি যুক্তরাষ্ট্র বা বাহরাইনের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও স্বতন্ত্র তথ্য পাওয়া যায়নি।
বাহরাইনে নিরাপত্তা সতর্কতা
মঙ্গলবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, নিকটবর্তী নিরাপদ স্থানে যেতে এবং সরকারি মাধ্যমের হালনাগাদ তথ্য অনুসরণ করতে বলে সতর্কবার্তা দিয়েছে। সম্ভাব্য হুমকির ধরন বা উৎস সম্পর্কে তারা কিছু জানায়নি। এর আগে রোববারও অনুরূপ সতর্কতা জারি করা হয়েছিল। ওই দিন বাহরাইন জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের কয়েকটি আকাশপথের হামলা লক্ষ্যে পৌঁছার আগেই ঠেকিয়ে দিয়েছে।
আগের দাবি ও প্রত্যাখ্যান
আইআরজিসি রোববার দাবি করেছিল, তারা বাহরাইনের রিফা হেলিকপ্টার ঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন ছুড়েছে। গত শুক্রবারও তারা বাহরাইনে মার্কিন একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলার দাবি করে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ওই দাবি নাকচ করে জানায়, মার্কিন বাহিনী ইরানের দুটি আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি রয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে দেশটিতে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে।
বেসামরিক অবকাঠামো নিয়ে হুঁশিয়ারি
আলাদাভাবে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা চালালে তেহরান পাল্টা জবাব দেবে। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি সেসব যুক্তির সমালোচনা করেন, যেখানে সামরিক স্থাপনার কাছাকাছি থাকায় বেসামরিক স্থাপনাকে সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা যায় বলে বলা হচ্ছে। একটি প্রতিবেদনে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনার কাছের বাঁধগুলোকে “দ্বৈত-ব্যবহারের” বলে উল্লেখ করার প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।