বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বিমানবন্দরে যাত্রীর লাগেজে মেলা প্রায় এক হাজার বছরের পুরোনো দুই তাম্রফলক ২২ মাস পর জাতীয় জাদুঘরে

২০২৪ সালের ২০ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ হওয়া প্রায় সাড়ে ১১ কেজি ওজনের ফলক দুটি পাল আমলের হতে পারে বলে জাদুঘরের ধারণা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে জব্দ করা দুটি প্রাচীন তাম্রফলক প্রায় ২২ মাস পর জাতীয় জাদুঘরের সংগ্রহে এসেছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ফলক দুটি এক হাজার বছরের বেশি পুরোনো। চলতি মাসের ৫ তারিখ ঢাকা কাস্টম হাউস থেকে আনুষ্ঠানিকভাবে সেগুলো জাদুঘরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

জাতীয় জাদুঘর থেকে পাওয়া বিমানবন্দরের কাস্টম হাউসের নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ ডিসেম্বর বহির্গমন গেটে যুক্তরাষ্ট্র যাওয়ার আনুষ্ঠানিকতা সারছিলেন ওই যাত্রী। নিরাপত্তা তল্লাশিতে লাগেজ স্ক্যান করে কর্মকর্তাদের সন্দেহ হয়। লাগেজের চাবি চাওয়া হলে যাত্রী প্রথমে তা দিতে রাজি হননি। কর্মকর্তারা তালা ভাঙার প্রস্তুতি নিলে শেষ পর্যন্ত তিনি লাগেজ খুলে দেন। ভেতরে পাওয়া যায় আয়তাকার দুটি ধাতব বস্তু, যার মোট ওজন প্রায় ১১ কেজি ৫০০ গ্রাম। এভিয়েশন সিকিউরিটি ও কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয় সেগুলো প্রাচীন তাম্রফলক। দেশের প্রত্নসম্পদ বিদেশে পাচারের আশঙ্কায় সেদিনই সেগুলো জব্দ করা হয়।

নথির বরাতে জানা যায়, কাস্টমস আইন ২০২৩-এর ধারা ১৯১ অনুযায়ী ওই ব্যক্তিকে সাময়িকভাবে আটক করা হয়েছিল। তবে ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার ফেরদৌসী মাহবুব ১৭ নভেম্বর জানান, যাত্রীর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর ভাষ্য, প্রত্নতত্ত্বের বিষয়ে তাঁরা সব সময় সতর্ক থাকেন বলে তাম্রফলক জব্দ করা হয়েছিল, তবে এগুলো ওই যাত্রীর পরিবারের হওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।

জব্দের পর ঢাকা কাস্টম হাউস ওই বছরের ৩১ ডিসেম্বর বিশেষজ্ঞ পাঠানোর অনুরোধ জানিয়ে জাতীয় জাদুঘরকে চিঠি দেয়। গত বছরের ৩১ জানুয়ারি জাদুঘরের তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল বিমানবন্দরে গিয়ে ফলক দুটি পরীক্ষা করে। দলটি ১৮ ফেব্রুয়ারি লিখিত প্রতিবেদনে ফলক দুটি জাতীয় জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষণের সুপারিশ করে, যাতে সাধারণ দর্শনার্থীরা সেগুলো দেখতে পারেন এবং গবেষকেরা কাজ করার সুযোগ পান।

এরপর হস্তান্তরের দাপ্তরিক প্রক্রিয়া শুরু হলেও কাস্টম হাউসের কর্মকর্তাদের বদলি ও প্রশাসনিক জটিলতায় তা আটকে যায়। কাস্টম হাউসের আরেকটি নথি অনুযায়ী, গত বছরের ২৪ জুন দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও প্রদর্শনের জন্য হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল; কিন্তু কর্মকর্তাদের বদলির কারণে সে দফায়ও জাদুঘর ফলক বুঝে নিতে পারেনি।

জাদুঘরের প্রাথমিক গবেষণায় ধারণা করা হচ্ছে, ফলক দুটি অষ্টম শতকের মাঝামাঝি সময়ের। তখন বাংলায় পাল রাজবংশের শাসন চলছিল, তাই এগুলো পাল আমলের নিদর্শন হতে পারে। ফলকে ভূমিদানের বিবরণ থাকার সম্ভাবনাও আছে। তবে লিপি পাঠোদ্ধার ও ঐতিহাসিক পরিচয় নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।