সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) পদে বদলি-বাণিজ্য ও তদবির ঠেকাতে নতুন পদ্ধতি চালু করেছে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। ব্যক্তিগত যোগাযোগ বা প্রভাবশালীদের সুপারিশের পরিবর্তে এখন অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে, যোগ্যতা যাচাই করা হচ্ছে এবং লটারির মাধ্যমে কর্মকর্তা নির্বাচন করা হচ্ছে।
এই ধারাবাহিকতায় লটারির মাধ্যমে রাজশাহী অঞ্চলের বিভিন্ন খাদ্যগুদামে নয়জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর) রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলীর স্বাক্ষরিত এক আদেশে বদলির বিষয়টি জানানো হয়।
আদেশ অনুযায়ী, তানোর উপজেলার কামারগাঁ খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এসেছেন সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সংযুক্ত থাকা শুকলা খানম। সেখানকার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকন আলীকে নাটোরের গোপালপুর খাদ্যগুদামে পদায়ন করা হয়েছে। নাটোর সদরের হাসান মনসুর সোহাগ গেছেন বাগাতিপাড়ার মালঞ্চি খাদ্যগুদামে।
বাঘা উপজেলার খাদ্য পরিদর্শক এস এম মিজানুর রহমানকে নওগাঁর আত্রাই খাদ্যগুদামে, গোমস্তাপুরের খাদ্য পরিদর্শক শামিরুল ইসলামকে নওগাঁর মহাদেবপুরের মহিষবাথান খাদ্যগুদামে এবং সিরাজগঞ্জ সদরের খাদ্য পরিদর্শক পলাশ কুমার সূত্রধরকে বগুড়ার ধুনট খাদ্যগুদামে পদায়ন করা হয়েছে। এ ছাড়া নওগাঁর মান্দার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল হাসান নীতপুর খাদ্যগুদামে, নাটোরের লালপুরের খাদ্য পরিদর্শক মোহাম্মদ ইলিয়াছ হোসেন পাবনার ফরিদপুরে এবং সুজানগরের মোয়াজ্জেম হোসেন একই জেলার চাটমোহর খাদ্যগুদামে বদলি হয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নতুন পদ্ধতিতে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং তদবির-বাণিজ্যের পথ বন্ধ হবে। নাটোরের গোপালপুরে বদলি হওয়া রোকন আলী বলেন, লটারির মাধ্যমে বদলি নিঃসন্দেহে ভালো উদ্যোগ; কোনো সুপারিশ বা তদবির ছাড়াই বদলি হওয়ায় প্রক্রিয়াটিতে স্বচ্ছতা এসেছে। আত্রাইয়ে পদায়ন পাওয়া মিজানুর রহমান বলেন, এতে যোগ্য কর্মকর্তাদের জন্য সমান সুযোগ তৈরি হয়েছে।