আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনে সাইবার জালিয়াতির ঝুঁকি এড়াতে রপ্তানিকারকদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ব্যবসায়িক তথ্য ও নথি আদান-প্রদানে ইলেকট্রনিক যোগাযোগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ (এফইপিডি-১) জারি করা ২২ নম্বর সার্কুলারে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে এ বিষয়ে রপ্তানিকারকদের সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সাধারণ অনুমোদনের আওতায় সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে রপ্তানি-সংক্রান্ত নথি পাঠানোর সময় রপ্তানিকারকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নথির তথ্য চুরি, বাধাগ্রস্ত করা বা পরিবর্তনের ঝুঁকি কমাতে নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহার করতে বলা হয়েছে।
ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তনের অনুরোধ এলে তা কার্যকর করার আগে পূর্বনির্ধারিত যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে স্বাধীনভাবে যাচাই করতে হবে। সন্দেহজনক লিংক, যাচাইবিহীন অ্যাপ্লিকেশন কিংবা পাসওয়ার্ড, ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর (পিন) বা এককালীন পাসওয়ার্ড (ওটিপি) চাওয়া হলে সতর্ক থাকার পরামর্শও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জালিয়াতির সন্দেহ, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন বা রপ্তানি-সংক্রান্ত নথিতে কারসাজির ঘটনা ঘটলে তা দ্রুত সংশ্লিষ্ট এডি ব্যাংককে জানাতে বলা হয়েছে। এডি ব্যাংকগুলোকেও এসব সতর্কতামূলক ব্যবস্থা যথাযথ মাধ্যমে রপ্তানিকারকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।