জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি আসর দিয়ে তাঁর প্রত্যাবর্তন ঘটছে বলে নিশ্চিত করেছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম জানান, তামিম দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও এবার খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। শুধু তামিমই নন, সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ– এ দুজনও সম্ভাব্য অংশগ্রহণকারীর তালিকায় আছেন।
আকরাম খান বলেন,
> “আমি আশা করছি, তামিম, মুশফিক আর রিয়াদ—তিনজনই খেলবেন। আমি তামিমের সঙ্গে কথা বলেছি, উনি খেলবেন। মুশফিক সম্ভবত সিলেটের হয়ে খেলতে চেয়েছেন। আমি মনে করি, তিনি সিলেটকে বেছে নিতে চান। রিয়াদ সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানি না—সিলেক্টরদের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। তবে আমার ধারণা, উনিও খেলবেন।”
আসন্ন এই ঘরোয়া টি-টোয়েন্টি আসরটি শুরু হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। দেশের অভ্যন্তরীণ ক্রিকেটে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে, বিশেষ করে দেশের তিন অভিজ্ঞ ক্রিকেটার আবারও একসাথে খেলতে নামতে পারেন—এ খবর ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ কিছু।
বাংলাদেশ ক্রিকেটের এই তিন অভিজ্ঞ সেনানী—তামিম, মুশফিক ও রিয়াদ—যাদের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ একাধিক আন্তর্জাতিক সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাঁদের আবার মাঠে দেখা যাবে—এটা নিঃসন্দেহে তরুণ ক্রিকেটারদের জন্যও এক বড় সুযোগ শেখার।