সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

২০২৭ সালের হজযাত্রীদের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক, নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত বেসরকারি হাসপাতালে পরীক্ষাগুলো করাতে হবে; দুরারোগ্য রোগে লাগবে অতিরিক্ত পরীক্ষা।

২০২৭ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এ পরীক্ষাগুলো করাতে হবে।

পরীক্ষাগুলো হলো রক্তের গ্রুপ ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), প্রস্রাব পরীক্ষা, বুকের এক্স-রে, ইসিজি, র‍্যান্ডম ব্লাড সুগার এবং সিরাম ক্রিয়েটিনিন। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষা করাতে হবে।

এ ছাড়া দুরারোগ্য ও গুরুতর রোগের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা করানোর কথা বলা হয়েছে। হৃদ্‌যন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি করাতে হবে। কিডনির জটিলতায় সিরাম ক্রিয়েটিনিন, কিডনি-ইউরেটার-ব্লাডারের আলট্রাসনোগ্রাম ও সিরাম ইউরিয়া পরীক্ষার কথা বলা হয়েছে।

লিভারের অকার্যকারিতা সন্দেহ হলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন-গ্লোবুলিন অনুপাত, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কপি ও প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করাতে হবে।