কক্সবাজারের রামু উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার কাটিরমাথা রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (৩৪), তাঁর বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী শিশু সাহিল ও পাঁচ মাস বয়সী শিশু মাশরুফা। আহত হয়েছেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং আরও এক শিশু। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর তাঁরা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি এভাবে বিধ্বস্ত হয়। রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
একই পরিবারের চারজনের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের মধ্যে যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের সুস্থতার জন্য স্বজনেরা প্রার্থনা করছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।