বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী মেজবাউল হক মিজুসহ অন্তত আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী হলের ভেতরে এ ঘটনা ঘটে। হলের একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রাত ১০টার দিকে মিজু হলের জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে মিছিলে বের হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। মিছিল শেষে হলে ফেরার সময় আবার দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। এ সময় কয়েকটি মোবাইল ফোনও ভাঙচুর করা হয়।
মিজুর অভিযোগ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে সোহরাওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মাওলানা ভাসানী হল থেকে ৪০ থেকে ৫০ জন তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। তাঁর দাবি, আগের দিন বুধবার শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম তাঁকে হত্যার হুমকি দিয়েছিলেন।
অন্যদিকে তায়েফ মাহমুদের দাবি, মিছিলের আগে কেন্দ্রীয় নেতাদের অনুমতি নেননি মিজু এবং তাঁর অনুসারীরাই প্রথমে তায়েফ, সিফাতসহ তাঁদের পক্ষের নেতাকর্মীদের ওপর হামলা করেন। হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল ইসলাম ও এ এম শোয়াইব।