শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

‘ঢিলেমি নয়’: বিপুল বাজেট বরাদ্দের কথা মনে করিয়ে কাজের গতি বাড়াতে সচিবদের নির্দেশ মন্ত্রিপরিষদ সচিবের

বৃহস্পতিবার সচিবদের সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি কাজ গুছিয়ে, নিখুঁত ও দ্রুতগতিতে শেষ করার নির্দেশনা দেন।

কাজে কোনো ঢিলেমি চলবে না, কাজের গতি বাড়াতে হবে—সচিবদের প্রতি এই নির্দেশনা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। গতকাল বৃহস্পতিবার সচিবদের নিয়ে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশনা দেন।

নির্দেশনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কাজগুলো যাতে গুছিয়ে ও সুন্দরভাবে করা হয়, সে জন্য সচিবদের বলা হয়েছে। নিখুঁত ও দ্রুতগতিতে যেন কাজ হয়, সে কথাও জানানো হয়েছে। তিনি বলেন, কাজে ঢিলেমি যেন না থাকে। কারণ বিপুল অঙ্কের বাজেট বরাদ্দ আছে, তাই সেই বরাদ্দ অনুযায়ী যথাযথভাবে কাজ করতে হবে।

নাসিমুল গনি আরও বলেন, মূল কথা হলো কাজের গতি বাড়াতে হবে এবং নিখুঁতভাবে কাজ করতে হবে।

এর আগে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত সচিব সভাতেও সরকারের কর্মকাণ্ড আরও গতিশীল করে কাজ দ্রুত শেষ করা, শূন্য পদ দ্রুত পূরণ এবং বিদ্যমান বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানে সৌরবিদ্যুতের ওপর জোর দেওয়াসহ বিভিন্ন বিষয়ে সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছিল।

সচিব সভা সরকারের একটি উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী বৈঠক হিসেবে পরিচিত। এতে মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরা অংশ নেন। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নীতি বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে এই সভায় আলোচনা হয়।