রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়ায় বিক্ষোভে নিহত ৬, নিরাপত্তা জোরদার

অর্থনৈতিক সঙ্কট ঘিরে সহিংসতায় রূপ নিয়েছে বিক্ষোভ, রাজধানী জাকার্তাসহ বিভিন্ন শহরে পুলিশের টহল

Indonesia Protest
ছবি: ইন্দোনেশিয়ার সুরাবায়ায় লুট হওয়া পুলিশ সদর দফতর ভবনের সামনে ইন্দোনেশিয়ার পতাকা নিয়ে হাঁটছেন একজন বিক্ষোভকারী

অর্থনৈতিক দুরবস্থাকে ঘিরে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ ইন্দোনেশিয়ায় রক্তক্ষয়ী সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় অন্তত ৬ জন নিহত হওয়ার পর দেশজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

ইন্দোনেশিয়ায় চলমান বিক্ষোভে অন্তত ৬ জন নিহত হওয়ার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। রাজধানী জাকার্তায় সোমবার সকাল থেকেই পুলিশ শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে এবং টহল জোরদার করেছে।

গত সপ্তাহে সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু হলেও বৃহস্পতিবার রাতে ঘটনাটি সহিংসতায় রূপ নেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পুলিশের একটি সাঁজোয়া গাড়ি ২১ বছর বয়সী এক ডেলিভারি ড্রাইভারকে চাপা দিলে জনরোষ চরমে পৌঁছে যায়।

এরপর জাকার্তা ছাড়াও যোগ্যকার্তা, বান্দুং, সেমারাং, সুরাবায়া ও উত্তর সুমাত্রার মেদান শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো ক্ষমতায় আসার পর এটিই সবচেয়ে বড় অস্থিরতা বলে বিশ্লেষকরা মনে করছেন।

সহিংসতায় শুধু রাজধানী নয়, দেশের অন্যান্য শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্বাঞ্চলীয় মাকাসারে একটি পরিষদ ভবনে আগুন ধরিয়ে দিলে অন্তত তিনজনের মৃত্যু হয়। একই শহরে সন্দেহভাজন গোয়েন্দা কর্মকর্তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলেও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, যোগ্যকার্তার আমিকম বিশ্ববিদ্যালয় নিশ্চিত করেছে যে তাদের শিক্ষার্থী রেজা সেন্ডি প্রাতামাও বিক্ষোভে নিহত হয়েছেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো পরিষ্কার নয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার সংসদ ভবনের চারপাশে ট্যাংক, সাঁজোয়া যান ও মোটরবাইকে করে পুলিশি কনভয় মোতায়েন করা হয়। প্রতিরক্ষামন্ত্রী স্যাফরি জ্যামসুদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “দাঙ্গাকারী ও লুটেরাদের” বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অবনতিশীল পরিস্থিতির কারণে প্রেসিডেন্ট প্রাবোও নির্ধারিত চীন সফর বাতিল করেছেন। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক দেশটিতে তাদের লাইভ স্ট্রিমিং সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে।