বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

বিচার–সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরোনো সংকট ফিরবে: প্রধান উপদেষ্টা ইউনূস

বিচার–সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরোনো সংকট ফিরবে: প্রধান উপদেষ্টা ইউনূস
ছবি: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কুয়ালালামপুরে সিঙ্গাপুরভিত্তিক চ্যানেলনিউজএশিয়া (সিএনএ) টেলিভিশনকে সাক্ষাৎকার দেন । ছবি: ভিডিও থেকে নেওয়া

কুয়ালালামপুর, ১৩ আগস্ট:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গণ–অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন না করে নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশে পুরোনো সংকট ফিরে আসবে। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুরভিত্তিক চ্যানেলনিউজএশিয়া (সিএনএ) টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

নিচে প্রশ্নোত্তর আকারে সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো—

সিএনএ: শপথ নেওয়ার পর ১ বছর পার হয়েছে। শপথের সময় আপনার চারটি নির্দিষ্ট লক্ষ্য ছিল। সেগুলো পূরণ করতে পেরেছেন?
ইউনূস: আমরা এগোচ্ছি। এটি সম্পূর্ণরূপে শেষ হওয়ার নয়, তবে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। সংস্কার অন্যতম লক্ষ্য ছিল, কারণ, যে রাজনৈতিক ব্যবস্থা, নির্বাচনব্যবস্থা—সব মিলিয়ে আমরা যে কাঠামো পেয়েছিলাম, সেটি জালিয়াতিতে ভরা ছিল। এগুলোকে এমনভাবে অপব্যবহার করা হয়েছিল, যাতে একটি ফ্যাসিস্ট সরকার তৈরি হয়। সেই সরকার সুযোগ নিয়েছে—পুরো দেশের অর্থনীতি ধ্বংস করেছে, সমাজকে নষ্ট করেছে। যখন আমরা সরকারের দায়িত্ব নিলাম, তখন দৃশ্যটা ছিল যেন রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কোনো দেশ। সবকিছু একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

সিএনএ: গত সরকারের মানুষ হত্যার বিচার, গণতান্ত্রিক সংস্কার, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও জবাবদিহি নিশ্চিত করে অবশেষে সুষ্ঠু নির্বাচন—এটাই কি লক্ষ্য?
ইউনূস: হ্যাঁ, আমাদের অঙ্গীকার ছিল গণ–অভ্যুত্থানের সময় জাতির যে আকাঙ্ক্ষা, তা পূরণ করা। এগুলো তিন ভাগে—সংস্কার, বিচার ও নির্বাচন।

সিএনএ: কোনটা আগে—নির্বাচন না সংস্কার? আপনি কোন ধরনের নির্বাচন করতে যাচ্ছেন?


ইউনূস: যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি, তাহলে সংস্কার বা বিচারের প্রয়োজন থাকবে না—সব নির্বাচিতদের হাতে যাবে । ভাবুন আপনি সংস্কার ছাড়া নির্বাচন করলেন, তাহলে আপনি আবার সেই  পুরোনো সমস্যায় ফিরে গেলেন।

সিএনএ: আপনি এটাকে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বলছেন?
ইউনূস: হ্যাঁ, কারণ এতে আইনের শাসন ছিল না।

সিএনএ: সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর তাঁকে ‘দানব’ বলেছেন কেন?


ইউনূস: যদি আরও শক্তিশালী শব্দ থাকত, সেটি ব্যবহার করতাম। কারণ তিনি রাস্তায় কাছ থেকে মানুষ হত্যা করেছেন।

সিএনএ: শেখ হাসিনার প্রত্যাবাসন চাওয়ায় ভারত সাড়া দেয়নি?


ইউনূস: আমরা বলেছি, তাঁকে ভারতেই রাখুন, আমাদের বিচার চলবে। তবে তাঁকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ দেওয়া উচিত নয়। তাঁর এখনো অনেক অনুসারী আছে, যারা আগের মতো অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

সিএনএ: আপনি বলেছেন, বাংলাদেশের মানচিত্র না আঁকলে ভারতের মানচিত্র আঁকা যায় না।
ইউনূস: হ্যাঁ, বহুবার বলেছি—দুটি দেশ গভীরভাবে সংযুক্ত।

সিএনএ: চীন ও পাকিস্তানের তুলনায় ভারতের সঙ্গে সম্পর্ক পিছিয়ে গেছে?


ইউনূস: চীন ও পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক আছে, ভারতের সঙ্গেও রাখতে চাই। আমরা নেপাল, ভুটান ও ভারতের সাতটি উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যকে একটি অর্থনৈতিক অঞ্চলে আনতে পারি, বঙ্গোপসাগরের সুবিধা ভাগাভাগি করে নিতে।