পথ ভুলে বাংলাদেশে এসে পড়া নেপালি যুবক খায়রুদ্দিন আনসারী (২৯) প্রায় পাঁচ বছর পর নিজ দেশে ফিরেছেন। রোববার (২২ নভেম্বর) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তাঁকে নেপালে পাঠানো হয়।
তিনি নেপালের প্রদেশ-২-এর বারা জেলার পারছোনি গ্রামের বাদল আনসারীর ছেলে। প্রত্যাবাসনের সময় নেপাল দূতাবাসের থার্ড সেক্রেটারি সুরাজ আমগাইন, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) বাংলাবান্ধা বিওপির সদস্যরা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ফুলবাড়ী ক্যাম্পের সদস্যরা এবং দুই পারের ইমিগ্রেশন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, ধারণা করা হচ্ছে, খায়রুদ্দিন প্রায় পাঁচ বছর আগে ভারত হয়ে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পঞ্চগড়ের ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, এ ধরনের বিষয়ে মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস পর্যায়ে কাগজপত্র তৈরির পর ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে প্রত্যাবাসন করা হয়।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পলাশ আহমেদের বাড়িতে খায়রুদ্দিন প্রায় চার বছর ছিলেন। সেখানে তিনি রিয়ান আনসারি নামে পরিচিত ছিলেন। গত শনিবার দুপুরে নেপাল দূতাবাসের প্রতিনিধিদল ফিলিপনগরে এসে তাঁকে নিয়ে যায়।