রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

বাঘারপাড়ায় আড়াই বছরেও চালু হয়নি ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিক, জনবলসংকটের কথা বলছে স্বাস্থ্য বিভাগ

দরাজহাটের পাইকপাড়ায় নির্মিত ভবনে ওষুধ রাখা থাকলেও চালু হয়নি; বিদ্যুতের মিটারও খুলে নেওয়া হয়েছে, ভবনের অবস্থা খারাপ হচ্ছে।

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া এলাকায় কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে। ভবনও হস্তান্তর করা হয়েছে এবং রোগীদের বিনা মূল্যে দেওয়ার জন্য ভেতরে ওষুধও রাখা আছে। কিন্তু এখনো ক্লিনিকটি চালু হয়নি। ফলে এলাকার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩–২৪ অর্থবছরে পাইকপাড়ায় কমিউনিটি ক্লিনিক নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ৩৫ লাখ ৫৭ হাজার ৮১৮ টাকা চুক্তিমূল্যে চার কক্ষের একতলা ভবন নির্মাণ করা হয়েছে। অধিদপ্তরের যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক বলেন, ক্লিনিকটি চালু করার দায়িত্ব স্বাস্থ্য বিভাগের।

স্বাস্থ্য বিভাগ বলছে, জনবলসংকটের কারণে ক্লিনিকটি চালু করা যাচ্ছে না। স্থানীয় মানুষের দাবি, এলাকার অসহায় ও গরিব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত ক্লিনিকটি চালু করা প্রয়োজন। দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, উপজেলা সমন্বয় কমিটির সভায় তিনি একাধিকবার ক্লিনিক চালুর বিষয়টি তুলে ধরেছেন, কিন্তু এখনো তা চালু করা যায়নি।

গত বুধবার সরেজমিনে দেখা যায়, আট শতক জমির ওপর নির্মিত ভবনটির বিভিন্ন স্থানে ধুলাবালি জমেছে এবং আশপাশে আগাছা জন্মেছে। চিত্রা নদীর বাঁকে নির্মিত ভবনটির বিভিন্ন উপকরণ নষ্ট হচ্ছে। স্থানীয় লোকজন জানান, নির্মাণ শেষ হওয়ার পর বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও কয়েক মাস আগে বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া হয়েছে।

পাইকপাড়া গ্রামের বাসিন্দা মোরশেদ আলম বলেন, ময়লা-আবর্জনা জমে ভবনটির অবস্থা খুব খারাপ হচ্ছে। তিন-চার মাস আগে কিছু ওষুধ এনে ভবনের ভেতরে রাখতে দেখেছেন তিনি, কিন্তু ক্লিনিক চালু হচ্ছে না। চালু হলে এলাকার গরিব মানুষের অনেক উপকার হতো বলে তিনি মনে করেন।