গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো ২৮০ জন ফিরে আসেননি বলে গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার ট্রাইব্যুনালে তিনি বলেন, তাঁদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি, তবে তাঁদের পরিবার ন্যায়বিচার পাবে। গুমের এসব ঘটনা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করছে।
চিফ প্রসিকিউটর বলেন, যখনই নির্বাচন বা অন্য কোনো উপলক্ষ আসত, তখন রাজনৈতিক বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিছু মানুষকে তুলে নিয়ে যাওয়া হতো। তাঁদের ক্রসফায়ারের নামে হত্যা করা হতো কিংবা গুম করে ফেলা হতো। গুম কমিশনের তালিকায় এ রকম ২৮০ জনের নাম রয়েছে।
তিনি জানান, সরকার ইতিমধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকারসংক্রান্ত আইন প্রণয়ন করেছে। সেই আইনে বলা আছে, যেসব গুমের ঘটনা ব্যাপকমাত্রায় ও পদ্ধতিগত, সেগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে; অন্য ঘটনাগুলো বিচার হবে দায়রা আদালতে।
চিফ প্রসিকিউটরের ব্রিফিংয়ের সময় গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম (তুলি) উপস্থিত ছিলেন। তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে ট্রাইব্যুনালে আসেন। সানজিদা বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের নভেম্বরের দুই সপ্তাহে ঢাকার উত্তরা থেকে সূত্রাপুর পর্যন্ত ২২ জনকে তুলে নেওয়া হয়েছিল এবং এসব ঘটনা একটির সঙ্গে আরেকটি সম্পৃক্ত; সারাদেশেই এমন ঘটনা ঘটেছে।
এত ঘটনা তদন্তের জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার বর্তমান সক্ষমতা যথেষ্ট কি না, সে প্রশ্নও তোলেন সানজিদা। তিনি বলেন, রাষ্ট্রীয় মদদে গুমের ক্ষেত্রে আলামত এমনিতেই নষ্ট করা হয়; তাই মামলাগুলো দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনে তদন্ত সংস্থায় কিছু ইউনিট যুক্ত করা দরকার।