জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলায় মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে পরিষদ প্রাঙ্গণে গাছ লাগানো হয় এবং পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুজন আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পোনা অবমুক্তির মাধ্যমে জলজ সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় মানুষের পুষ্টি নিশ্চিত করার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বায়ুদূষণ কমানোর বার্তা দেওয়া হয়। পরিচ্ছন্নতা অভিযানে পরিবেশ দূষণমুক্ত রাখা ও জনস্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। দিবসটি উপলক্ষে তরুণদের দক্ষতা বৃদ্ধি ও সমাজ উন্নয়নে তাঁদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এবারের যুব দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।