দেশে কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ৪০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) এবং ৭০ হাজার টন দানাদার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৪তম সভায় এসব সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সঙ্গে চুক্তির আওতায় কানাডার প্রতিষ্ঠান কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে ৪০ হাজার টন এমওপি সার আনা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৬৬ লাখ টাকা। প্রতি টনের দর নির্ধারণ করা হয়েছে ৩৬৫ দশমিক ৭৫ মার্কিন ডলার।
ইউরিয়া সার আসবে সৌদি আরবের প্রতিষ্ঠান সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে। এর মধ্যে ৪০ হাজার টন বাল্ক দানাদার ইউরিয়া আমদানিতে প্রতি টনের দর ৪২৩ দশমিক ৩৩ ডলার, মোট ব্যয় ২১১ কোটি ২৪ লাখ টাকা। একই প্রতিষ্ঠান থেকে আরও ৩০ হাজার টন ব্যাগড দানাদার ইউরিয়া আনা হবে প্রতি টন ৩৯৭ দশমিক ৮৮ ডলার দরে; এতে ব্যয় হবে প্রায় ১৪৯ কোটি ১৪ লাখ টাকা।
ইউরিয়া সার আমদানির প্রস্তাবগুলো শিল্প মন্ত্রণালয় এবং এমওপি সার আমদানির প্রস্তাবটি কৃষি মন্ত্রণালয় সভায় উপস্থাপন করে।