চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ হওয়া দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে নদীর আকমল আলী ঘাট এলাকা থেকে স্থানীয় লোকজন লাশ দুটি উদ্ধার করেন। পরে পুলিশ গিয়ে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায়।
নিহত দুজন হলেন নোয়াখালীর হাতিয়ার মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শরীফ উদ্দিন।
এর আগে রোববার দিবাগত রাত চারটার দিকে চট্টগ্রাম থেকে ফেরার পথে আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা তিন জেলের একজনকে তখন জীবিত উদ্ধার করা হয়েছিল। বাকি দুজন নিখোঁজ ছিলেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলম বলেন, সকালে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।