রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক তাদের শীর্ষ ২০ ঋণখেলাপির কাছ থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ আদায় করতে পারছে না। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এই ব্যাংকগুলোকে ১২ হাজার ৬৮৫ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হলেও ছয় মাসে আদায় হয়েছে মাত্র ২ হাজার ১৫৬ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ১৭ শতাংশ। এই হারে আদায় চললে বছর শেষে লক্ষ্যমাত্রা পূরণ হবে না।
জুন শেষে সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—এই ছয় ব্যাংকের খেলাপি ঋণ ছিল ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা। এর মধ্যে শীর্ষ ২০ খেলাপির কাছেই আটকে আছে ৯১ হাজার ১৬৪ কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ৫৯ দশমিক ৮০ শতাংশ। ঋণ আদায়ে ব্যর্থতায় ব্যাংকগুলোর আর্থিক অবস্থার অবনতি হয়েছে এবং নতুন ঋণ দেওয়ার সক্ষমতাও কমেছে।
সবচেয়ে বেশি ঋণ আটকে আছে জনতা ব্যাংকের। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকটির শীর্ষ ২০ খেলাপির কাছে খেলাপি ঋণের পরিমাণ ৫৮ হাজার ৬৪২ কোটি ৬৩ লাখ টাকা, যা ব্যাংকটির মোট খেলাপি ঋণের ৭৭ দশমিক ৪৭ শতাংশ। এর মধ্যে বেক্সিমকো, এস আলম ও অ্যাননটেক্স—এই তিন গ্রাহকের কাছেই আটকে আছে প্রায় ৪০ হাজার কোটি টাকা। চলতি বছর শীর্ষ খেলাপিদের কাছ থেকে ৬ হাজার ৫০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে প্রথম ছয় মাসে ব্যাংকটি আদায় করেছে ৩৩৪ কোটি ৮০ লাখ টাকা, অর্থাৎ ৫ দশমিক ২০ শতাংশ।
অন্য ব্যাংকগুলোর অবস্থাও সন্তোষজনক নয়। বেসিক ব্যাংকের লক্ষ্যমাত্রা ছিল ৫৬৫ কোটি টাকা, আদায় হয়েছে ৬৪ কোটি টাকা (১১ দশমিক ৩০ শতাংশ)। রূপালী ব্যাংক ২ হাজার ৩০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ৩২৯ কোটি টাকা (১৪ দশমিক ৩০ শতাংশ)। অগ্রণী ব্যাংকের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৮০০ কোটি টাকা, আদায় ৩৬৩ কোটি টাকা (২০ দশমিক ২০ শতাংশ)। তুলনায় ভালো করেছে সোনালী ব্যাংক, যারা ১ হাজার ৪০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ৯৮৪ কোটি ৫০ লাখ টাকা। বিডিবিএল ১২০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ৮০ কোটি টাকা।
রূপালী ব্যাংককে শাখাভিত্তিক মাসিক আদায়ের লক্ষ্যমাত্রা চালু এবং বড় খেলাপিদের জন্য বিশেষ দল গঠনের পরামর্শ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিডিবিএলকে খেলাপি ঋণ আদায়কে অগ্রাধিকার দিয়ে পরিচালনা পর্ষদের মাধ্যমে প্রতি তিন মাসের জন্য আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করার সুপারিশ করা হয়েছে। বিভাগের সচিব নাজমা মোবারেক সম্প্রতি ছয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করে এসব তথ্য তুলে ধরেন।
ব্যাংকগুলোর কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময় এসব ঋণের বড় অংশ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে প্রকৃত জামানত ছাড়াই ঋণ নেওয়া হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর অধিকাংশ খেলাপি পলাতক, কেউ কেউ কারাগারে; ফলে ঋণ আদায় কঠিন হয়ে পড়েছে।